যে কারণে রণবীর-দীপিকার বিয়েতে নিষিদ্ধ ছিলো ‘মোবাইল ফোন’

১৬ মে, ২০২১ ১৫:০০  
আমন্ত্রিত অতিথিরা যেন সেলফি বা ছবি তোলায় মশগুল না হয়ে অনুষ্ঠানে পূর্ণ মনোযোগি থাকেন সে জন্যই বিয়েতে ‘মোবাইল ফোন’ নিষিদ্ধ রাখা হয়েছিলো রণবীর ও দীপিকার বিয়েতে। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এ বিষয়ে তিনি বলেন, “চেয়েছিলাম আমাদের বিয়ের সুন্দর মুহূর্তগুলো যেনো অতিথিরা মনে প্রাণে উপভোগ করেন। সেইসব মুহূর্ত ফোনবন্দি করার থেকে শুধুমাত্র সেই মুহূর্তে তাদের উপস্থিতি ও আনন্দ করাটুকুই আমাদের কাম্য ছিল। কারণ ফোন হাতে থাকলে আমাদের বিয়ের মুহূর্তে হুল্লোড় করার তুলনায় ছবি তুলতেই ব্যস্ত থাকতেন তারা।” ফোনঘটিত নিরাপত্তার ব্যাপারটা সেভাবে অগ্রাধিকার না পেলেও “চেয়েছিলাম বিয়ের মুহূর্তগুলো যেনো আমার সঙ্গে অতিথি অভ্যগতরাও সমান আনন্দে মেতে ওঠেন”-এমন ভাষ্যই দিয়েছেন তিনি। দীপিকা বলেন, যে ওই মুহূর্তগুলো যেনো ফোনের ক্যামেরার লেন্সের পরিবর্তে তাদের হৃদয়ে ও স্মৃতিতে লেগে থাকুক এটাই চেয়েছিলেন তিনি। দীপিকা জানায়, তার এই সিদ্ধান্তে কারও কোনও অসুবিধে হয়নি। উল্টো সবার আনন্দ দ্বিগুণ হয়েছিলো। এ প্রসঙ্গে দীপিকার ভাষ্য, “আমার এই পদক্ষেপ নেওয়ার ফলে তাদের আর কিছু করারও ছিলো না। সবাই সবার সঙ্গে যেমন খোশগল্পে মেতে উঠেছিলেন তেমনই স্বাধীনভাবে খানাপিনাও করেছিলেন। তাছাড়া আমাদের বিয়েতে যারা অতিথি ছিলেন তারা সবাই আমাদের আত্মীয় কিংবা ঘনিষ্ঠ বন্ধুরাই ছিলেন। তাই তাদের কাছে এই ফোন ব্যবহার না করার সিদ্ধান্ত জানাতে পেরেছিলাম। তাই তারা বুঝেওছিলেন এবং হাসিমুখে আমার সেই আবেদন মেনে নিয়েছিলেন।” দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে ইতালির লেক কমোতে ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সিন্ধি ও কান্নাড়া দুই রীতিতে বিয়ে করেছিলেন তারা।